ফজলে রাব্বি, সৈয়দ হাতেম আলী কলেজ
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘এক শিক্ষার্থী, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশালের ইসলাম শিক্ষা বিভাগ কর্তৃক কলেজ প্রাঙ্গণ ও শহীদ আলমগীর ছাত্রাবাস সবুজায়নের লক্ষ্যে রবিবার (১২ জুলাই ২০২৬) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং ইসলাম শিক্ষা বিভাগের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণেও দায়িত্বশীল হতে হবে। ‘এক শিক্ষার্থী, এক বৃক্ষ’ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার চেতনা জাগ্রত করবে। আজকের একটি গাছই আগামী দিনের সুস্থ, নিরাপদ ও সবুজ বাংলাদেশের ভিত্তি।”
ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান বলেন, “বৃক্ষরোপণ একটি মানবিক, নৈতিক ও সামাজিক দায়িত্ব। ইসলাম শিক্ষা বিভাগ সবসময় পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করুক।”
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “এক শিক্ষার্থী, এক বৃক্ষ কর্মসূচি আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতার প্রতীক। আমরা শুধু গাছ লাগিয়েই থেমে থাকতে চাই না, বরং প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্বও পালন করব। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে কলেজ ক্যাম্পাস আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ইসলাম শিক্ষা বিভাগের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনসচেতনতামূলক ও বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।