জামিল হাসান, স্টাফ রিপোর্টার:
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যমভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (সিজন-৩) অর্জন করেছেন বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, টেলিভিশন উপস্থাপক এবং জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) বিষয়ক ফেলো মোঃ মানসুরুল হক।
২৫ জুলাই (শনিবার) রাজধানীর ঢাকা রিজেন্সি পাঁচ তারকা হোটেল গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোঃ মানসুরুল হক এর হাতে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ এবং পান সুপারির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কনা রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা, সাবেক তথ্য সচিব ও বিটিভির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে দেশের সংস্কৃতি, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মোঃ মানসুরুল হক দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, টেকসই উন্নয়ন এবং জনসচেতনতা বিষয়ক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা ও গণমাধ্যমভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের কার্যকর ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাঁর ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ বছরের গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড লাভ করেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় মোঃ মানসুরুল হক বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যমভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড (সিজন-৩)-এ সম্মানিত হতে পেরে আলহামদুলিল্লাহ আমি অনেক অনুপ্রাণিত। এই সম্মাননা মানুষের কল্যাণে, দুর্যোগ ঝুঁকি হ্রাসে এবং সচেতন সমাজ গঠনে আরও দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাওয়ার প্রেরণা জোগাবে।
উল্লেখ্য, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (সিজন-৩)-এ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, সাংবাদিকতা, ব্যবসা, উদ্যোক্তা, সমাজসেবা, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এবারের আসরে জলবায়ু ও দুর্যোগ সচেতনতায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হন মোঃ মানসুরুল হক।