জামিল হাসান, নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সেবাখাতে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা আরও বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ২০২৫ সালে দেশের ৮১ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছেন, যা ২০২৩ সালে ছিল ৭০ দশমিক ৯ শতাংশ।

বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর ফলাফল প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত গ্লোবাল ডিজিটাল গভর্ন্যান্স সূচকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। অবকাঠামো ও ব্যবস্থাপনা উন্নত হলেও ডিজিটাল সেবার পূর্ণ সম্ভাবনা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি।

তিনি বলেন, সেবাখাতে ঘুষের প্রবণতা অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের অনেকে জানিয়েছেন, ঘুষ ছাড়া সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে দুর্নীতির বিস্তার ও গভীরতা উভয়ই বেড়েছে।

দুর্নীতির কারণে বৈষম্য বাড়ছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতা ও প্রভাবশালী ব্যক্তিরা সুবিধা পেলেও সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারীরা কয়েকটি সেবা খাতে তুলনামূলক বেশি দুর্নীতির শিকার হচ্ছেন। পাশাপাশি আদিবাসী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ওপরও এর নেতিবাচক প্রভাব বেশি পড়ছে।

টিআইবির হিসাব অনুযায়ী, সেবাখাতে দুর্নীতির কারণে বছরে প্রায় ১২ হাজার ৩৬৩ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে, যা জাতীয় বাজেটের প্রায় ১ দশমিক ৫৮ শতাংশের সমান। সংস্থাটি দুর্নীতি প্রতিরোধ, প্রতিকার ও নিয়ন্ত্রণে ১০ দফা সুপারিশও তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। ইফতেখারুজ্জামান বলেন, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ২৬ শতাংশ দুদক সম্পর্কে অবগত বা পরিচিত। অভিযোগ করেছেন মাত্র ০ দশমিক ৯ শতাংশ মানুষ, যা প্রতিষ্ঠানটির প্রতি জনআস্থার ঘাটতির ইঙ্গিত বহন করে।

তিনি আরও বলেন, গত তিন থেকে সাড়ে তিন মাস ধরে কমিশন না থাকায় দুদকের কার্যক্রম কার্যত স্থবির অবস্থায় রয়েছে। দ্রুত সার্চ কমিটির কার্যক্রম সম্পন্ন করে দক্ষ, সৎ ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে দুদককে পুনর্গঠনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে টিআইবির গবেষক দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Advertisement