কীর্তনখোলা ডেস্ক

নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় বাংলাদেশের ক্রিকেটারদের ফাঁকা সময় কাজে লাগাতে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩১ জানুয়ারি রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামের এই বিশেষ আসরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়।

টুর্নামেন্টে দেশের সেরা ক্রিকেটাররা অংশ নেবেন। ম্যাচগুলো ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং শিরোপা নির্ধারণী ফাইনাল খেলা ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। এই আসরে তিনটি দল অংশগ্রহণ করবে—ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের দায়িত্বে থাকবেন আকবর আলী।

দলগুলোর কোচিং স্টাফও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সহকারী মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী তুষার ইমরান, এবং দুরন্ত একাদশের কোচিং প্যানেলে আছেন হান্নান সরকার ও রাজিন সালেহ আলম। বিসিবি এই টুর্নামেন্টে মোট আড়াই কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে। উত্তেজনা বাড়াতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মও অন্তর্ভুক্ত করা হয়েছে।

দর্শকদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে সহজলভ্য। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, সাউদার্ন ও নর্দার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকায় পাওয়া যাবে। প্রতিটি ম্যাচের দিন বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এবং খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন
Advertisement