কীর্তনখোলা রিপোর্ট
বাবার কবর জিয়ারত করতে গিয়ে দুই ভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু মোল্লার হামলার শিকার হয়েছেন। শনিবার বিকেলে বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকার মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে। হামলাকারী আপন চাচা আবু মোল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
আহতরা হলেন- বরিশালের বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রেজওয়ান আব্দুল্লাহ সফেন (২৫) ও তার ছোটভাই সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী রাউফুন আব্দুল্লাহ অহি (২০)। তারা কুদঘাটা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আহতদের মামা জাবের আব্দুল্লাহ সাদী জানান, তার বোন জামাই হাবিবুর রহমান প্রায় দুই বছর আগে মৃত্যুবরণ করেছেন। বাবার মৃত্যুর পর মাকে নিয়ে বটতলা এলাকায় বসবাস করেন দুই ভাই। তিনি জানান, শনিবার দুই ভাগ্নে সফেন এবং অহি বাবার কবর জিয়ারত করতে কুদঘাটা এলাকায় যান। তখন দেখতে পান তাদের অজান্তেই বাবার অংশের জমি বিক্রি করে অন্যকে বুঝিয়ে দিচ্ছেন চাচা আবু মোল্লা। এর প্রতিবাদ করায় চাচার সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। একপর্যায়ে ঘর থেকে দা এনে দুই ভাইকে এলোপাথাড়ি কোপায়। এতে বড় ভাই রেজওয়ান আব্দুল্লাহ সফেন গুরুতর আহত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আবু মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এমন একটি অভিযোগ থানায় এসেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবু মোল্লা তার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
Advertisement