কীর্তনখোলা ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অনৈতিকভাবে বাদ পড়লেও মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে না মোস্তাফিজুর রহমানকে। আইপিএলের একই সময়ে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলের সর্বশেষ আসরে একই দলের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। তরুণ লেগ স্পিনারকে এবার ছেড়ে দিলেও মোস্তাফিজকে সরাসরি দলে অন্তর্ভুক্ত করেছে লাহোর।
‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসারকে দলে নিতে লাহোর কালান্দার্সকে খরচ করতে হয়েছে ৬ কোটি ৪৪ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে মোস্তাফিজকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্সের পক্ষ থেকে জানানো হয়, “ফিজ! আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান। ২০১৬ ও ২০১৮ সালে তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং এবার সরাসরি চুক্তিতে ফিরছেন। অবশেষে তিনি আবার পরিবারের অংশ হলেন। ওয়ান্স আ কালান্দার, অলওয়েজ আ কালান্দার।”
দলের মালিক সামিন রানা মোস্তাফিজকে ‘ভাই’ হিসেবে উল্লেখ করে বলেন, “ওয়ান্স আ কালান্দার, অলওয়েজ আ কালান্দার। মোস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নন, তিনি আমাদের পরিবারের সদস্য। তাকে আবার ড্রেসিংরুমে ফিরে পেয়ে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা, দক্ষতা ও নিবেদন শিরোপা জয়ের পথে বড় ভূমিকা রাখবে।”
এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। তবে ২০১৮ সালে তিনি পাঁচটি ম্যাচে অংশ নিয়ে চারটি উইকেট শিকার করেন। সবকিছু ঠিক থাকলে প্রায় আট বছর পর আবার পিএসএলে মাঠে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে।
মোস্তাফিজের আগে শাহিন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও মোহাম্মদ নাঈমকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম, আর ২৬ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্টের ১১তম আসর।