বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও সমাজসেবক মনিন্দ্র চন্দ্র মন্ডল (৮০) পরলোকগমন করেছেন।
মনিন্দ্র চন্দ্র মন্ডল এর মৃত্যুর খবর দৈনিক কীর্তনখোলাকে নিশ্চিত করেছেন তার একমাত্র পুত্র বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল আই এর ডিজিটাল বিভাগের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মিল্টন চন্দ্র মন্ডল। তিনি আরও বলেন, মনিন্দ্র চন্দ্র মন্ডল দীর্ঘদিন কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। শনিবার সকাল ৮টা ১০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জীবদ্দশায় মনিন্দ্র চন্দ্র মন্ডল শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে কাজ করে গেছেন। তিনি উজিরপুর শ্রীগুরু সংঘের প্রবীণ গুরুভ্রাতা, উজিরপুর শাখা সংঘের সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কীর্তন কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় ধর্মীয় ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।