জামিল হাসান: নিজস্ব প্রতিবেদক,

দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ রায়ের ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পথ সুগম হলো।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি মামলার শুনানি শেষে আপিল বিভাগ এ রায় দেন। আদালতের সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া পরিচালনায় আর কোনো আইনি জটিলতা থাকছে না।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আপিল বিভাগের এ রায়ের মাধ্যমে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের আইনি জটিলতার অবসান হয়েছে। এখন নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো বাধা নেই। শিক্ষা ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফেরার আশা করেন তিনি।

জানা যায়, ২০১৩ সালে সরকার প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণের পর প্রণীত আইনে ওই বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করতে বলা হয়। এ বিধানের বৈধতা নিয়ে আইনি বিরোধের সৃষ্টি হলে প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে ছিল।

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের তীব্র সংকট দূর করতে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে সেই নিয়োগ কার্যক্রম এগোতে পারেনি।

সংশ্লিষ্টদের মতে, এই রায়ে সন্তুষ্ট প্রাথমিক শিক্ষকরা। আপিল বিভাগের এ রায়ের ফলে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে গতি আসবে। শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন হলে বিদ্যালয় পরিচালনা, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
Advertisement