কীর্তনখোলা ডেস্ক
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ নির্বাচনি প্রচারণা শেষে ভোটাররা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভোটের দিন যদি জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড হাতে না থাকে, তাহলে ভোট দেওয়া যাবে কি না, এ প্রশ্ন অনেকের মনেই আসে।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এনআইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া সম্ভব। কারণ ভোট দেওয়ার মূল ভিত্তি হলো ভোটার তালিকা। ভোটার তালিকায় নাম ও ছবি থাকলে এবং পোলিং অফিসার পরিচয় নিশ্চিত করতে পারলে ভোট দেওয়া যাবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট দেওয়ার আগে নিজের সঠিক ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জানা থাকলে সময় বাঁচবে।
ভোটকেন্দ্রে প্রবেশের পর পোলিং অফিসার পরিচয় যাচাই করে অমোচনীয় কালি লাগাবেন এবং সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি ব্যালট পেপার দেবেন। ব্যালট পেপারের পেছনে অফিসিয়াল সিল ও স্বাক্ষর আছে কি না তা যাচাই করে নিতে হবে। এরপর নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকে সিল দিয়ে ব্যালট যথাযথভাবে ভাঁজ করে ব্যালট বাক্সে ফেলতে হবে। এবারের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। কাগজের ব্যালট ও ব্যালট বাক্সের মাধ্যমেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।