কীর্তনখোলা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র একদিন পর। ভোট দেওয়ার আগে নিজের ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানা অত্যন্ত জরুরি। অনেকেই এনআইডি নম্বরকেই ভোটার নম্বর মনে করেন, যদিও বাস্তবে দুটি আলাদা। ভোটার নম্বর জানা না থাকলে ভোটকেন্দ্রে গিয়ে তথ্য খুঁজতে অতিরিক্ত সময় লাগতে পারে।
বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচন কমিশন ঘরে বসেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে। নিচে চারটি উপায় তুলে ধরা হলো—
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং কেন্দ্রের ঠিকানা জানা যাবে।
২. হটলাইন নম্বর ১০৫
১০৫ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু রয়েছে।
৩. এসএমএসের মাধ্যমে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC <স্পেস> এনআইডি নম্বর। এরপর এটি ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করেও কেন্দ্রের তথ্য জানা যাবে। এছাড়া এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়েও অনুসন্ধান করা সম্ভব। অনেক ক্ষেত্রে গুগল ম্যাপেও কেন্দ্রের অবস্থান দেখা যায়।
ভোটের দিন ঝামেলা এড়াতে আগেই নিজের ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জেনে রাখা ভালো।