জামিল হাসান, নিজস্ব প্রতিবেদক
সরকারি সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে পাসপোর্ট অফিসকে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির জাতীয় খানা জরিপ ২০২৫ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুষের শিকার হওয়ার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬ দশমিক ৬ শতাংশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এ এতথ্য তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়ার হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
জরিপ অনুযায়ী, পাসপোর্ট অফিসের পর সবচেয়ে বেশি ঘুষের অভিযোগ রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বিরুদ্ধে, যেখানে ঘুষের হার ৬৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৪৯ দশমিক ৩ শতাংশ, কৃষি সেবায় ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে।
সামগ্রিকভাবে জরিপে দেখা গেছে, দেশের ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সরকারি সেবা খাতে ঘুষের শিকার হয়েছে। টিআইবির মতে, এ চিত্র সরকারি সেবায় দুর্নীতির ব্যাপকতা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করে।