বিশেষ প্রতিনিধি:
চাঁদপুর জেলার অন্যতম বিতর্ক সংগঠন হাইমচর বিতর্ক একাডেমির উদ্যোগে আয়োজিত ৩য় আন্তঃ স্কুল, মাদরাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাথমিক পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) হাইমচর উপজেলার দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ হলরুমে সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমও সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যুক্তিনির্ভর ও সচেতন সমাজ গঠনে বিতর্কচর্চার কোনো বিকল্প নেই।” তিনি হাইমচর উপজেলায় বিতর্ক আন্দোলন বিস্তারে হাইমচর বিতর্ক একাডেমির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিযোগিতার এবারের আসরে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের ২৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী পর্বেই অংশগ্রহণকারী দলগুলোর প্রাণবন্ত যুক্তি-তর্কে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মাজহারুল ইসলাম শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল এবং দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন।
হাইমচর বিতর্ক একাডেমির সভাপতি মো. নূরে আলম ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমরুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে বইমুখী, যুক্তিবাদী ও চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্কচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক পর্বের সফল সমাপ্তির পর পর্যায়ক্রমে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডগুলো অনুষ্ঠিত হবে।