ভোলা প্রতিনিধি

ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, জামায়াত জান্নাতের টিকিট দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। এটি লজ্জাজনক, দুঃখজনক এবং নিন্দনীয়। জামায়াত উন্নয়নমূলক রাজনীতিতে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগকে কাজে লাগায়। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এসব বক্তব্য দেন।

তিনি বলেন, এমন কাউকে ক্ষমতায় আনা যাবে না, যার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদের ঘরে নিরাপদে ঘুমাতে পারবে না। বাংলাদেশে হিন্দু ও মুসলমান একই আকাশের নিচে বসবাস করে, কিন্তু একটি গোষ্ঠী এই সহাবস্থানে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে ভোলার ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করবেন তিনি।

ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্ল্যাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনসহ বিজেপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন
Advertisement