কীর্তনখোলা ডেস্ক
বাংলাদেশে বেশ কিছুদিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়েছে। এডিস মশাবাহিত এই দুই রোগেরই উপসর্গ প্রায় একই রকম। "তিন সপ্তাহের বেশি ভুগতেছি আমি, জ্বরের প্রথমদিকে ডাক্তার ডেঙ্গু টেস্ট করিয়েছিলো। নেগেটিভ আসার কয়দিন পরে আবারো টেস্ট করতে দেয়। এবার চিকুনগুনিয়া ধরা পড়ে "কথাগুলো বলছিলেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা মাকসুদা আনছারী। এ কারণে অনেক রোগীরই প্রাথমিকভাবে ডেঙ্গুর টেস্ট করানো হয়, কিন্তু এর ফল নেগেটিভ আসে। জ্বরের সাথে সাথে হাত - পা ফুলে গিয়েছিল, পানিও এসেছিল বলে জানান মিজ আনছারী। " তীব্র ব্যথায় আমি সারাদিন কান্না করতাম। মুখে স্বাদ পেতাম না, সব তিতা। এখনও অনেক ব্যথা, হাতে-পায়ের চামড়াও উঠছে "বলেন মিজ আনছারী। তীব্র ব্যথা হলেও চিকিৎসকরা শুধুমাত্র নাপা ছাড়া আর কোনো ওষুধ দেননি, বলেন তিনি। "এখনও প্রতিটা গিরায় গিরায় ব্যথা, হাতের আঙুলগুলোতেও ব্যথা। পা টেনে টেনে আমি এখন অফিস যাচ্ছি, হাঁটছি, এতে করে পায়ের ব্যথা আরো বেড়ে যাচ্ছে" বলেন মিজ আনছারী। মুখে খাবারের স্বাদ এখনো ফিরে আসেনি এবং আরো দীর্ঘমেয়াদে ভুগতে হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।