বাউফল প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে প্রথমে গণভোটে ‘হ্যাঁ’ এবং পরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, এ নির্বাচন কোনো একক দলের নয়; বরং দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন খাতে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি হয়েছে। নতুন সরকার গঠিত হলে এসব অনিয়ম বন্ধ করা হবে এবং সরকারি অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে দেশের সবচেয়ে অবহেলিত ও নির্যাতিত অঞ্চলে উন্নয়ন কার্যক্রম শুরু করার কথা জানান তিনি।

নদীভাঙনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড, মিথ্যা মামলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা হবে। সমাবেশ শেষে তিনি জোট প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন এবং ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

জনসভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম, পটুয়াখালী-১ আসনের এবি পার্টির প্রার্থী ডা. আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী-২ আসনের জামায়াত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনের অধ্যাপক শাহ আলম ও খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন উপস্থিত ছিলেন। সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
Advertisement