কীর্তনখোলা রিপোর্ট

নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, নদীভাঙনের কারণে মানুষের ঘরবাড়ি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচিত হলে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যাতে লাহারহাটসহ বরিশাল-৫ এলাকার মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপন করতে পারে। বুধবার বিকেল ৫টায় বরিশাল সদর উপজেলার লাহারহাটে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় মুফতী ফয়জুল করীম আরও বলেন, তাঁর অঙ্গীকার কেবল নির্বাচনী প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়; বাস্তবায়নযোগ্য প্রকল্প গ্রহণের মাধ্যমে নদীভাঙনের সমস্যা নিরসন করা হবে, যা জেলে, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। পথসভায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং উপস্থিত জনতা প্রার্থীর বক্তব্যে উষ্ণ সাড়া দেন।

বিজ্ঞাপন
Advertisement