প্রতিবেদন: ইবনে সাঈদ অঙ্কুর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবনকারীসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২৮ জুন) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িরা হলেন- উপজেলার বাজেডুমরিয়া গ্রামের দিলীপ রায় (৩০), সাজু মিয়া (২০), আশরাফুল আলম ওরফে মিলন (৪০) এবং আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)।

এছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন উপজেলার পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের ডালিম মিয়া (২২), সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের সাঈদী ইসলাম (১৯) এবং মনিকুল ইসলাম (২০)।

কিশোরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাজেডুমরিয়া গ্রামে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। একই রাতে উপজেলার কালিকাপুর এলাকায় পৃথক অভিযানে চার মাদকসেবনকারীকে গ্রেফতার করে পুলিশ।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে এবং মাদকসেবনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement