জামিল হাসান, বিনোদন ডেস্ক:

ছবি : সাহিল রনি
সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা সিনেমাটোগ্রাফার বিভাগে মনোনয়ন পেয়েছেন দেশের প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা সাহিল রনি।

মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ মুক্তির পর থেকেই এর নান্দনিক চিত্রায়ণ ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আলো-ছায়ার সৃজনশীল ব্যবহার, ফ্রেম নির্মাণের সৌন্দর্য এবং গল্পের আবহকে পর্দায় জীবন্ত করে তোলার ক্ষেত্রে সাহিল রনির অবদান বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সেই কাজেরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে তিনি এবার প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে মর্যাদাপূর্ণ এই মনোনয়ন অর্জন করলেন।

দীর্ঘ ২৩ বছরের কর্মজীবনে সিনেমাটোগ্রাফিতে নিজস্ব নান্দনিকতা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গির জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন সাহিল রনি। ‘দেয়ালের দেশ’-এ অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি টিআরএবি (TRAB) মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড এবং ৪র্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডে সেরা সিনেমাটোগ্রাফারের সম্মাননা লাভ করেন।

ভারতের অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অব ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে সিনেমাটোগ্রাফি ও ফিল্ম প্রোডাকশনে উচ্চতর ডিগ্রি অর্জন করা সাহিল রনি বর্তমানে ওয়ান এন্টারটেইনমেন্ট (চ্যানেল ওয়ান)-এর ব্রডকাস্ট অপারেশন্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন প্রসঙ্গে সাহিল রনি বলেন, “প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে এমন একটি সম্মানজনক বিভাগে মনোনয়ন পেয়ে আমি ভীষণ আনন্দিত। ক্যামেরার লেন্সে এই গল্পটি তুলে ধরার অভিজ্ঞতা আমার জন্য ছিল অত্যন্ত তৃপ্তিদায়ক। আমার কাজের ওপর আস্থা রাখার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতা করার জন্য পরিচালক মিশুক মনিকে আন্তরিক ধন্যবাদ। একই বিভাগে এত গুণী সহ-মনোনীতদের সঙ্গে জায়গা করে নিতে পারাও আমার জন্য বড় প্রাপ্তি।”

সাহিল রনির এই আন্তর্জাতিক অর্জনে দেশের চলচ্চিত্রাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী দিনেও তার ক্যামেরার সৃজনশীল দৃষ্টিতে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বমঞ্চে আরও সাফল্য অর্জন করবে।

বিজ্ঞাপন
Advertisement