সুদেব মালাকার, রাজাপুর প্রতিনিধি:
রবিবার (২১ জুন) দুপুর সোয়া ২টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী মীরেরহাট বন্দর এলাকায় চোরের হামলায় রেশমা খানম শিল্পী (৩৫) নামে এক গৃহকর্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহত রেশমা খানম শিল্পী স্থানীয় ঠিকাদার মো. আওলাদ হোসেন হাওলাদারের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় রেশমা খানম বাসায় একা ছিলেন। এ সুযোগে মানকি টুপি পরিহিত এক ব্যক্তি ভবনের দ্বিতীয় তলায় উঠে ঘরের দরজার লক খুলে ভেতরে প্রবেশ করে। পরে ঘর থেকে বের হওয়ার সময় তার হাতে থাকা দুটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর নিচে পড়ে যায়।
এ সময় রেশমা খানম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও বাম হাতে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত হয়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।
পরে তার চিৎকার শুনে নিচতলার ভাড়াটিয়ারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ঘটনায় কোনো মালামাল খোয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।