সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ২০১৩ সালের এই দিনে একটি শান্তিপূর্ণ গণআন্দোলন দমন পীড়নের শিকার হয় এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর। তিনি উল্লেখ করেন, সে রাতের স্মৃতি এখনো জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে। এটি ভোলার নয় বরং দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে মামুনুল হক জানান, সেদিন তিনি গাবতলী পয়েন্টে নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন এবং পরে শাপলা চত্বরে জমায়েতের ঘোষণায় মিছিল নিয়ে সেখানে যান। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ শাপলা চত্বরে সমবেত হন।
তার ভাষ্য অনুযায়ী, ওই সমাবেশে দমন পীড়ন চালানো হয় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, রক্তাক্ত সেই ঘটনার স্মৃতি আজও বেদনাদায়ক।
পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্ট ঘটনার বিচার দাবি করে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।