কীর্তনখোলা রিপোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর—এই তিন জেলা সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার তিনি বরিশাল বিভাগের তিন জেলায় টানা তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচারণা চালাবেন।
এই সফর হেলিকপ্টারযোগে সম্পন্ন করা হবে, যাতে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থীদের পক্ষে জনমত গঠন সম্ভব হয়। এসব জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াত প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এরপর সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় এবং জুমার নামাজের পর পিরোজপুরের ঝালকাঠিতে তৃতীয় সমাবেশে অংশ নেবেন তিনি।
নেতাকর্মীরা মনে করছেন, একদিনের এই টানা নির্বাচনী সফর কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতির মাধ্যমে দলীয় শক্তি প্রদর্শনের পাশাপাশি ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে সহায়ক হবে।
এ বিষয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্য দলগুলো তাদের নেতাদের দেখতে কর্মীদের বাইরে পাঠালেও জামায়াত আমির নিজেই কর্মীদের সঙ্গে দেখা করতে বাউফলে আসছেন।