কীর্তনখোলা রিপোর্ট

বরগুনা জেলার প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আরও সক্রিয় করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের দাবি+ কর্মসূচির আওতায় ধান ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় আমতলী এলাকার ব্র্যাক কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রান্তিক কৃষকরা। অনুষ্ঠানে ৪০ জন কৃষককে এক কেজি করে ধান বীজ এবং ৫০ জন কৃষককে এক কেজি করে সূর্যমুখী বীজ প্রদান করা হয়। এদিন মোট ৯০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়।

ব্র্যাক সূত্র জানায়, দাবি+ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকদের তালিকাভুক্ত করে ধাপে ধাপে কৃষি সহায়তা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে এক হাজার কৃষকের মধ্যে ধান বীজ এবং ৬০০ জন কৃষকের মাঝে সূর্যমুখী বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বীজপ্রাপ্ত কৃষকরা জানান, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী। উন্নত মানের বীজ পাওয়ায় তারা নতুন উদ্যমে চাষাবাদের দিকে ঝুঁকছেন। তাদের আশা, এই উদ্যোগ ফসল উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর মারুফ পারবেজের সভাপতিত্বে এবং ম্যানেজার (বিডিইউ) আবদুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এছাড়া এলাকা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, প্রকাশ চন্দ্র বিশ্বাস (পিএম-সিসিপি), শাখা ব্যবস্থাপক (দাবি ও বিসিইউপি), বরগুনা অঞ্চলের কৃষি ও বীমা টিমের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মারুফ পারবেজ বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা করা মানেই টেকসই কৃষি ব্যবস্থার ভিত মজবুত করা। ব্র্যাক কৃষকদের পাশে থেকে শুধু উপকরণ নয়, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও দিয়ে যাচ্ছে।

প্রধান অতিথি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, এ ধরনের সহায়তামূলক কার্যক্রম প্রান্তিক কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করে। উন্নত প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকের জীবনমানেরও উন্নয়ন ঘটবে। কৃষি খাতে ব্র্যাকের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

বিজ্ঞাপন
Advertisement