ভোলা প্রতিনিধি

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) সংসদীয় আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাফিজ ইব্রাহিম। দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৮টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ২৮৪ জন।

দৌলতখান উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৩৭২ ভোটারের মধ্যে হাফিজ ইব্রাহিম (ধানের শীষ) পেয়েছেন ৫৪ হাজার ৩ ভোট। জামায়াত প্রার্থী মাওলানা ফজলুল করিম পেয়েছেন ৩০ হাজার ৩১১ ভোট। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ উপজেলায় বিএনপি প্রার্থী ২৩ হাজার ৬৯২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লা খায়রুল জানান, এখনো সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলায় মোট ৮২টি কেন্দ্র রয়েছে এবং ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৯১২ জন। এখানে ৮২টি কেন্দ্রের ফলাফলে হাফিজ ইব্রাহিম পেয়েছেন ৬৫ হাজার ২৪৫ ভোট। জামায়াত সমর্থিত মাওলানা ফজলুল করিম পেয়েছেন ৬১ হাজার ৫৪৯ ভোট।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, পূর্ণাঙ্গ ফলাফলে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকের হাফিজ ইব্রাহিম জামায়াত প্রার্থী ফজলুল করিমের চেয়ে ৩ হাজার ৬৯৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বিজ্ঞাপন
Advertisement