উজিরপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ থাকবে না। উপজেলার ৮৪টি ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সেনাবাহিনীসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এরপরও ভোটকেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার কিংবা সংশ্লিষ্ট কেউ অনিয়মে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় এ সতর্কবার্তা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলী সুজা।

উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. আলী সুজা। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাকি রকি, বিজিবির সুবেদার মো. জহির উদ্দিন, থানার ওসি মো. রকিবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটারদের ভয় ও শঙ্কামুক্ত পরিবেশ উপহার দিতে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

উজিরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৪টি।

বিজ্ঞাপন
Advertisement