কীর্তনখোলা রিপোর্ট
আমি ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনোভাবেই নিশ্চিন্ত নই। পরিবেশ যত ভালোই মনে হোক না কেন, এখানে নানা ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ থাকে। ফল একরকম হতে পারে, কিন্তু পরিবর্তন করে অন্যভাবে ঘোষণা করা হতে পারে। এরপর কেন্দ্র দখল, জাল ভোট প্রদানসহ বিভিন্ন অনিয়মের আশঙ্কা রয়েছে। তাই ফল প্রকাশের আগে আমি বলব না নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ মন্তব্য করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, দীর্ঘ সময় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন তারা প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। প্রশাসনকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক ভোটার নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি নির্বাচিত হলে বরিশালের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।
এছাড়া তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই যেন নির্বাচনী পরিবেশ নষ্ট না হয় এবং প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। ভোটাররা যাতে স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এবং কেউ যেন ব্যালট পেপার ছিনিয়ে নিতে না পারে—সেটি নিশ্চিত করতে হবে।
জামায়াতের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, বরিশালে জামায়াত প্রকাশ্যে আমাকে সমর্থন জানিয়েছে। তারা সবসময় আল্লাহর আইন ও সৎ নেতৃত্বের কথা বলেছে। আমিও আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে। যদি তারা আমাকে সৎ মনে করে, তাহলে আমার বাইরে অন্য কাউকে ভোট দেওয়ার প্রশ্ন ওঠে না। সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।