ভোলা প্রতিনিধি
ভোলায় ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা একটি বেসরকারি ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। সোমবার বিকেলে শহরের হাবিব মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া আক্তার (২০) ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের বাসিন্দা নাহিদ মিয়ার স্ত্রী। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সদের দেওয়া ইনজেকশনের পর তার অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।
ঘটনার পর উত্তেজিত স্বজনদের সঙ্গে বহিরাগতরাও যুক্ত হয়ে ক্লিনিকে ভাঙচুর চালায়। নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্লিনিক কর্তৃপক্ষ দাবি করেছে, রোগীর অবস্থা আগেই গুরুতর ছিল এবং চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি। ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন